শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:১৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

নওগাঁর পত্নীতলায় এক মা তার ১৬ মাস বয়সী কন্যা সন্তানকে সেতু থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। পরে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ ও গ্রেফতারের দাবি জানান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাহমুদপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পত্নীতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয়দের সহায়তায় খমির শেখ নামের এক ব্যক্তি নদী থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন থাকলেও শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, এক নারী থানায় এসে জানান, তিনি নিজ হাতে তার ১৬ মাস বয়সী কন্যা সন্তানকে আত্রাই নদীর পানিতে ফেলে দিয়েছেন এবং এজন্য তাকে গ্রেফতার করার দাবি জানান। বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ।

এদিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিকেলে পেশাগত সফরে পত্নীতলা থানা পরিদর্শনে যান। বিষয়টি অবগত হয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির খোঁজখবর নেন। সাহসিকতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করায় স্থানীয় বাসিন্দা খমির শেখকে পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেন পুলিশ সুপার।

শিশুটির বাবা মেহেদী হাসান জানান, তার স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। তিনি তার স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

এ বিষয়ে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ‌‘একজন মা থানায় এসে তার সন্তানকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত রয়েছে।’

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘শিশুটির পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। পুলিশ শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার মায়ের মানসিক চিকিৎসার ব্যবস্থা করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়