ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে অপহৃত এক অষ্টম শ্রেণির ছাত্রীকে উদ্ধারে সাফল্য পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। একই সঙ্গে অপহরণের মূলহোতা মো. সুমন বাবু (১৪)-কেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সুমন বাবু নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন কুমরইল গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-৫ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল নামক এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অপহৃত ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলে পড়ত। আসামি সুমন বাবু তাকে প্রতিনিয়ত স্কুলে আসা-যাওয়ার পথে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত।
ঘটনার দিন, গত ১৪ মে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে রাস্তার ওপর পৌঁছালে বিবাদী সুমন বাবু জোরপূর্বক একটি অজ্ঞাতনামা মাইক্রোবাসে তুলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে রাজপাড়া থানায় অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও গোয়েন্দা নজরদারি শুরু করে। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-৫, এর একটি আভিযানিক দল গতকাল (২১ অক্টোবর) গভীর রাতে নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অপহরণকারী এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।