শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০১:৫২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়তুল মোকাররম এলাকায় অবৈধ দোকান উচ্ছেদে ডিএসসিসির অভিযান

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এই অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন। অভিযানের খবর আগেভাগে পেয়ে অনেক দোকানি তাদের মালামাল সরিয়ে নিলেও, বাকি থাকা অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূলত যানজট নিরসন ও পথচারীদের চলাচলের পথ সুগম করতেই এই উদ্যোগ।

এর আগে বুধবার (৮ এপ্রিল) সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় বড় ধরনের অভিযান চালায় ডিএসসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকায় মোট ২৪০টি অবৈধ বাস কাউন্টার চিহ্নিত করে সেগুলো অপসারণ করা হয়। ভবিষ্যতে সড়ক বা ফুটপাত দখল না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সায়েদাবাদ ও বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে রয়েছে— মগবাজার মোড় থেকে কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, আব্দুল গনি রোড হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকা এবং বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শিক্ষা ভবন এলাকা।

ডিএসসিসি কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা ও কাউন্টারগুলো সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়